গণকন্ঠ প্রতিবেদক

মশিউর রহমান চন্দন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩১ পিএম

অনলাইন সংস্করণ

#

কিশোরগঞ্জে তারাবি নামাজের সময় ঢিল মারার প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তারাবির নামাজের সময় টিনের চালে ঢিল মারায় প্রতিবাদ করায় শুভ মিয়া (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে, নিহত শুভ মিয়া একই এলাকার সৌদি প্রবাসী মো. সাদেকুল ইসলামের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার বলিয়াচর এলাকার নাঈম মিয়া (২১), রিয়াদ (২২), সফিকুল (২২), হিমেল (২০), আরমানসহ (২১) আরও ৮-১০ জন বখাটে যুবক প্রায়ই তারাবির নামাজের সময় বিভিন্ন বাড়ির টিনের চালে ইট ছুড়ে আতঙ্ক সৃষ্টি করত। ঘটনার দিন রাতেও তারা বিভিন্ন বাড়ির পাশাপাশি শুভ মিয়ার বাড়িতেও ইট নিক্ষেপ করে। এ সময় শুভ মিয়া ও তার ফুফাতো ভাই এনামুল প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।


একপর্যায়ে স্থানীয় বোয়ালিয়ার চর জামে মসজিদের সামনে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লোকজন শুভ মিয়াকে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ১২টার দিকে শুভ মিয়ার মৃত্যু হয়। 


এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।


নিহতের মামাতো ভাই এনামুল হক জানান, শুভ মিয়ার সৌদি আরবে যাওয়ার সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছিল। পরিবারের ইচ্ছা অনুযায়ী আসন্ন ঈদ পরিবারের সঙ্গে উদযাপন করে তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।


হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।