রিকি শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি।
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ৪ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙে যায়, এমন অভিযোগ বাড়ির মালিকের।
এ ঘটনায় সুমন শেখের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ী সুমন শেখ জানান, সোমবার দিবাগত রাত ৯টায় তিনি তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়।
তিনি বলেন, আমি দ্বিতীয়তলায় গিয়ে আমার বেডরুমের গ্লাস ভাঙা ও ৪টি ছিদ্র দেখতে পাই। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুলিশ এসে বাড়ি পরিদর্শন করে গেছে।
এ ঘটনার পর ওই ব্যবসায়ী ও তার পরিবার আতঙ্কে আছেন বলে জানান তিনি।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে এটি গুলি নাকি গুলতি দিয়ে আঘাত করা হয়েছে সেটি পুলিশ তদন্ত করে দেখছে।