অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০১ পিএম

অনলাইন সংস্করণ

#

কোথা থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, জানালো সরকার

ছবি : সংগৃহীত

আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করবে সরকার। প্রথম ধাপে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থ কোথা থেকে আসবে, সে বিষয়ে সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ জানান, এটি চলতি বাজেট থেকে বরাদ্দ করা হবে। তিনি বলেন, টাকা ছাপিয়ে এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা উচিত নয়, কারণ এতে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। তবে সীমিত পরিসরে পাইলট প্রকল্প চালানো ঠিক আছে এবং দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারের সন্তানরা যদি স্কুলে যায়, সেই পরিবারকেও অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

এই পাইলট প্রকল্পের জন্য মোট ২ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার ৭৭ শতাংশ সরাসরি দরিদ্র পরিবারগুলোর হাতে পৌঁছাবে। অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রয়োজনীয় অর্থ চলতি বাজেটের অপ্রত্যাশিত খাত এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাজেট থেকে দেওয়া হবে। এ জন্য অর্থের কোনো সমস্যা হবে না।

সুবিধাভোগী নারী ও পরিবারের সঠিকভাবে শনাক্তের জন্য সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। সরকারের খানা জরিপ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা ডাটাবেস ব্যবহার করে প্রকৃত এবং উপযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা হবে, এবং এনআইডি কার্ডের মাধ্যমে তালিকাভুক্ত করা হবে।