গণকন্ঠ প্রতিবেদক

ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১০ পিএম

অনলাইন সংস্করণ

#

কসবায় জমি নিয়ে বিরোধ: ভাতিজার হাতে চাচা খুন

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 


বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। 


অভিযুক্তরা হলেন নিহতের ভাই মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২) ও সিফাত মিয়া (২৪), এবং তাদের খালাতো ভাই উপজেলার গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)।

নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান, জমিজমা নিয়ে তার চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার বিকেলে রিফাত, সিফাত ও তাদের পরিবারের সদস্যরা তার বাবার নাম ধরে গালিগালাজ করতে করতে তাকে খুঁজতে থাকে। সে সময় রতন মিয়া পাশের বিলে নিজের জমিতে কাজ করছিলেন।

অভিযোগ অনুযায়ী, বিকেল সাড়ে চারটার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে বিলের জমিতে গিয়ে রতন মিয়ার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করার পর একপর্যায়ে জমির কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।


স্থানীয় পৌর কমিশনার মো. আবু সায়িদ বলেন, জমিজমা নিয়ে রতন মিয়ার সঙ্গে তার ভাতিজাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি একাধিকবার গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি। সেই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।