মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
প্রতীকী ছবি
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করে সিলেটে আত্মগোপন করেছিলেন শহিদুল ইসলাম বাবলু (৫৫) নামের এক দুর্ধর্ষ ব্যক্তি। কিন্তু শেষ রক্ষা হয়নি তার অবশেষে গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এর কানিশাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব।
শহিদুল ইসলাম বাবলু নাগেশ্বরী থানার ভিতরবন্দ বানিয়ারভিটা গ্রামের রজব আলীর ছেলে। র্যাব জানায়, বাবলু পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। কিন্তু ঋণগ্রস্ত হওয়ায় গত বছরের ৬ ডিসেম্বর তিনি নাগেশ্বরীতে গ্রামের বাড়ি চলে যান।
গত ১১ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে বাবলু তার স্ত্রী মহিনা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে ঘর থেকে মহিনার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বাবলুকে গ্রেফতার করে র্যাব।
নাগেশ্বরী থানার তদন্ত কর্মকর্তা অপূর্ব রায় বলেন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহিত দেখেছি, যার ফলশ্রুতিতে সাইবার প্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।