প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ , ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
বলিউডের বাদশা শাহরুখ খানের জীবন যেন নিজেই একটি সিনেমা। টেলিভিশন থেকে সিনেমায়, স্বপ্ন থেকে সাফল্যে পৌঁছানোর এই যাত্রা আজ কিংবদন্তী হয়ে আছে। শাহরুখের ৬০তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রথম দিককার সংগ্রামের এক চমকপ্রদ ঘটনা জানালেন প্রযোজক ভিভেক বস্বানী। রেডিও নশার এক সাক্ষাৎকারে ভিভেক এই ঘটনাটি তুলে ধরেন—কীভাবে হেমা মালিনী শাহরুখকে তাঁর ছবির জন্য ডেকেছিলেন, যদিও প্রথম দেখায় তিনি শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন! খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ভিভেক বস্বানী জানান, একদিন হঠাৎ হেমা মালিনী তাঁদের বাড়িতে ফোন করেন। ভিভেকের বাবা ফোন ধরে জানতে চান, কে বলছেন? উত্তরে হেমা মালিনী নিজেকে 'সুপারস্টার হেমা মালিনী' হিসেবে পরিচয় দেন। ভিভেকের বাবা তাঁকে ঘুম থেকে টেনে তুলে বলেন, তাঁর জন্য হেমা মালিনী ফোন করেছেন।
এরপর হেমা মালিনী ফোনে জানতে চান, শাহরুখ এখনো ভিভেকের বাড়িতেই থাকেন কি না। ভিভেক 'হ্যাঁ' বলতেই হেমা বলেন, "ওকে জাগাও, বিকেল ৫টায় আমার বাড়িতে পাঠাও।"
ভিভেক ও শাহরুখ ঠিক সময়ে হেমা মালিনীর বাড়িতে পৌঁছান। ভিভেক জানান, তাঁরা দুজন ছোট্ট ইঁদুরের মতো ভয়ে ছিলেন। সেখানে সামনে একজন পেপার পড়ছিলেন, পরে তাঁরা দেখেন তিনি ধর্মেন্দ্রজি।
এরপর হেমা মালিনী এসে শাহরুখের দিকে তাকিয়ে বলেন, "তুমি তো খুব কুৎসিত।" এতে অবাক হয়ে ভিভেক প্রশ্ন করেন, "তাহলে ওকেই কেন চাইছেন?" হেমা মালিনী উত্তরে বলেন, "আমির খান আর সালমান খান না করে দিয়েছে।"
তখন ভিভেক হেমা মালিনীকে বোঝাতে মিথ্যা বলেন যে, রাকেশ রোশন ও রমেশ সিপ্পিও শাহরুখকে সাইন করেছেন। ভিভেকের ভাষ্য, তিনি জানতেন—কারও ক্যারিয়ার গড়তে হলে মাঝে মাঝে এমন মিথ্যাও কাজে লাগে।
শেষ পর্যন্ত হেমা মালিনী শাহরুখ খানকে তাঁর পরিচালিত ছবি ‘দিল আশনা হ্যায়’-এর জন্য সাইন করান। ভিভেকের ভাষায়, হেমা মালিনী তখন বলেছিলেন, "আমি হেমা মালিনী, আমি তোমাকে ৫০ হাজার টাকা দেব, কোনো প্রশ্ন নয়।"
সিনেমায় শাহরুখ ছাড়াও জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, অমৃতা সিং, ডিম্পল কাপাডিয়া ও দিব্যা ভারতীর মতো তারকারা অভিনয় করেছিলেন। মজার বিষয় হলো, হেমা মালিনী তাঁকে 'কুৎসিত' বলেও ছবিতে সাইন করালেও, সেই ‘দিল আশনা হ্যায়’ সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। তবে শাহরুখ খানের কিং খান হয়ে ওঠার পথ সেই সময় থেকেই শুরু হয়েছিল।