কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ১২:৪০ এএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা-এ ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক আবাসিক হোটেল মালিককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লোকমান মৃধা ‘হোটেল কুয়াকাটা প্যালেস’-এর মালিক। স্থানীয় সূত্রে জানা যায়, রাখাইন মহিলা মার্কেটের ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ নামের দুই ব্যক্তি তার হোটেলে নিয়মিত ইয়াবা সেবন করতেন। এতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা লোকমান মৃধার ওপর হামলা চালান। স্থানীয়ভাবে জানা গেছে, অভিযুক্তরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার দুই পা থেঁতলে দেয়। এ সময় তার চারটি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
আহতের মেয়ে সাজেদা বেগম অভিযোগ করে বলেন, “রাসেল খান ও মিরাজ নিয়মিত আমার বাবার হোটেলে গিয়ে ইয়াবা সেবন করতেন। বাবা বাধা দেওয়ায় তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। আমার বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”
অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে মহিপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা