কাজী ইয়াকুব আলী নিমেল
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
তারাবির নামাজ পড়তে গিয়ে কুমিল্লার লালমাইয়ে যাত্রীবাহি বাসের চাপায় প্রাণ হারিয়েছেন আবদুল আউয়াল (৭০) নামের এক বৃদ্ধ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার আলীশ্বর উত্তর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আউয়াল উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর দক্ষিণ পাড়ার মৃত কালা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
নিহতের প্রতিবেশি ও শিক্ষানবিশ আইনজীবি ইকবাল হোসেন বলেন, নিহত ব্যক্তি সম্পর্কে আমার মামা হন। তিনি একজন পরহেজগার মানুষ। শনিবার সন্ধ্যার পরে তিনি তারাবির নামাজ পড়ার জন্য বাইসাইকেলে বাড়ি থেকে বের হন। আলীশ্বর উত্তর বাজারে অবস্থানকালে নোয়াখালীমুখী দ্রুতগামী হিমাচল পরিবহনের একটি বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন গণকন্ঠকে বলেন, “আলীশ্বরে বাস চাপায় একজন বৃদ্ধ মারা গেছে শুনেছি। খবর পেয়ে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”