প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
“জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড কমলনগর উপজেলাতে চলতে দেওয়া হবে না” বলেছেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। মাদক, দুর্নীতি ও জনগণের ভোগান্তি সৃষ্টি করে এমন সব অপশক্তির বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে তিনি ঘোষণা দেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কমলনগর উপজেলা পরিষদের স্পন্দন মিলনায়তনে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজ থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।”
সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি গ্রামীণ সড়ক ধ্বংসকারী অবৈধ ‘দানব’ ট্রাক্টর চলাচল বন্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন। পাশাপাশি মেঘনা নদীতে অবৈধ চরঘেরা ও বিহুন্দী জাল উচ্ছেদে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলেদের স্বার্থ সুরক্ষা ও মৎস্যসম্পদ রক্ষায় কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন।
সরকারি দপ্তরে সাধারণ মানুষের হয়রানি ও ঘুষ-দুর্নীতি বন্ধে কড়া বার্তা দিয়ে এমপি নিজান বলেন, প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় প্রশাসনকে আপসহীন থাকার আহ্বান জানিয়ে তিনি মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামান। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিতরা এমপি নিজানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।