গণকন্ঠ প্রতিবেদক

মো. রফিকুল, কুয়ালালামপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫১ পিএম

অনলাইন সংস্করণ

#

মালয়েশিয়ায় জাল ইউরোপীয় ভিসা তৈরির অভিযোগে বাংলাদেশি দম্পতির দণ্ড

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইউরোপের বিভিন্ন দেশের জাল ভিসা তৈরির অভিযোগে এক বাংলাদেশি দম্পতিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।


মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বরাতে জানা গেছে, প্রায় তিন মাসের গোয়েন্দা নজরদারির পর গত ১০ ফেব্রুয়ারি সুঙ্গাই বেসি এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জাল নথি তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এর মধ্যে ছিল বাংলাদেশি পাসপোর্ট, বিভিন্ন দেশের ভুয়া রাবার স্ট্যাম্প, জাল ইমিগ্রেশন স্লিপ, ল্যাপটপ এবং উন্নত প্রযুক্তির ভিসা প্রস্তুত সরঞ্জাম।


তদন্তে জানা যায়, গ্রেফতার স্বামী-স্ত্রী গত আট মাস ধরে গোপনে জাল ভিসা তৈরির কার্যক্রম পরিচালনা করছিলেন। তারা আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার অনুরূপ নকল নথি প্রস্তুত করতেন এবং প্রতিটি ভিসার জন্য প্রায় ২০ হাজার রিঙ্গিত করে আদায় করতেন।


ইমিগ্রেশন বিভাগ জানায়, তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠেছিল।


২৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আদালতে হাজির করা হলে তারা ৯টি অভিযোগে নিজেদের দোষ স্বীকার করেন।


আদালত তাদের মোট ১ লাখ ১২ হাজার রিঙ্গিত জরিমানা এবং অনাদায়ে ৪৫ মাসের কারাদণ্ড প্রদান করেন।


সাজা শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।