প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: গণকন্ঠ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা, শোকগাম্ভীর্য ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের লক্ষ্যে সালথা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সালথা থানা’র অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাব’র সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা এবং উপজেলা এনসিপির আহ্বায়ক সজিব আল হুসাইন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় কর্মসূচির আলোকে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে।
২১ ফেব্রুয়ারি সরকারি বিধি অনুসারে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সকাল ৯টায় প্রভাতফেরি, সাড়ে ৯টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তর দিবসটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে তাদের নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
বক্তারা মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।