সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিন মিশ্রিত সিরাপ ও গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের কৃষ্ণপুর বন্দিপুর পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঝিনাইদহের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি রেইডিং টিম দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আসামির বসতঘর ঘেরাও করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে চৌকির নিচে মেঝেতে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মোঃ ওসিরুদ্দিন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে তিন ব্র্যান্ডের কোডিন মিশ্রিত তরল সিরাপ—
১৭০ বোতল উইনসেরেক্স (WINCEREX), ১৯৯ বোতল উইংরেক্স (WINGREX) এবং ১৩৮ বোতল এসকাফ (ESKUF)। প্রতি বোতল ১০০ মিলিলিটার হিসেবে মোট ৫০ দশমিক ৭ লিটার কোডিন সিরাপ জব্দ করা হয়েছে। এছাড়া পৃথক একটি বস্তায় পলিথিনে মোড়ানো ৪টি পোটলায় মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা বলে জানানো হয়েছে।
অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রস্তুত ও নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।