গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৩:৩১ পিএম

অনলাইন সংস্করণ

#

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব

ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মঙ্গলবার তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তার অভিজ্ঞতা তুলে ধরে মহান মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন চ্যালেঞ্জ, যুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের সরকার এবং সাধারণ জনগণের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসাধারণ প্রভাব ফেলে। এজন্য তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।


মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পৃক্ততা আরও জোরদার করতে হলে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ককে বহুমাত্রিক করা আবশ্যক। তিনি বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করা সম্ভব।


ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ভারতের কূটনীতির মূল ভিত্তি হলো জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাস। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ইতিহাসের শিক্ষা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছালে দেশের মধ্যে সংহতি ও আন্তর্জাতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।