সাজ্জাদ হোসেন, সালথা উপজেলা, ফরিদপুর
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
একসময় বিকেলের স্নিগ্ধ আলো, খোলা আকাশ আর নির্মল বাতাসে ভরপুর ছিল সালথা বাইপাস সড়ক। অবসর সময়ে হাঁটাহাঁটি, পরিবার নিয়ে সময় কাটানো কিংবা প্রাকৃতিক সৌন্দর্যে ডুবে থাকার জন্য এটি ছিল উপজেলার মানুষের প্রিয় গন্তব্য। কিন্তু দুঃখজনকভাবে সেই মনোরম সড়কই আজ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। অব্যবস্থাপনা ও অসচেতনতার কারণে হারিয়ে যাচ্ছে এর স্বকীয়তা ও আকর্ষণ।
সোমবার (২ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে স্তূপ করে ফেলা হয়েছে বিভিন্ন ধরনের বর্জ্য। বাজারের পচা ফলমূল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্ছিষ্টাংশ, প্লাস্টিক ও নিষিদ্ধ পলিথিন—সব মিলিয়ে এক ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে সেখানে। তীব্র দুর্গন্ধে পথচারীদের নাক-মুখ চেপে চলাচল করতে দেখা যায়। অনেকেই বাধ্য হয়ে মাস্ক ব্যবহার করছেন।
সালথা বাইপাস একসময় ছিল উপজেলার অন্যতম আকর্ষণীয় স্থান। দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসতেন নির্মল পরিবেশ উপভোগ করতে। ছোট ব্যবসায়ীরাও লাভবান হতেন দর্শনার্থীদের ভিড়ে। এখন সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। পর্যটকদের ভিড়ের জায়গা দখল করেছে আবর্জনার স্তূপ। পরিবেশের এমন করুণ দশায় মুখ ফিরিয়ে নিচ্ছেন ভ্রমণপিপাসুরা।
স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় ভ্যানযোগে বাজারের ময়লা এনে সড়কের পাশে ফেলে রেখে যায় কিছু অসাধু ব্যক্তি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ না থাকায় দিন দিন ময়লার পরিমাণ বাড়ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ডেঙ্গু, ডায়রিয়াসহ বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পথচারী শামিম হোসেন বলেন,“প্রতিদিন অসংখ্য কলেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন। আগে এটি ছিল অত্যন্ত সুন্দর। এখন দুর্গন্ধে হাঁটাচলাই কঠিন হয়ে গেছে।”
আরেক পথচারী সোহেল মোল্যা জানান,“এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য একসময় মন ছুঁয়ে যেত। এখন সেখানে ময়লার স্তূপ। দাঁড়ানোই দায়, মাস্ক ছাড়া চলা যায় না।”
বাজারের ব্যবসায়ী শাহ আলম বলেন,
“ময়লার কারণে আমাদের ব্যবসা ও চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বাচ্চু বলেন,“আগের ইউএনও স্যার এখানে ময়লা ফেলার অনুমতি দিয়েছিলেন। পরে স্থানীয়দের আপত্তিতে নদীর পাশে ফেলার নির্দেশ দেওয়া হয়। এখনও কেউ এখানে ময়লা ফেললে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবেশ সচেতন মহলের মতে, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ না নিলে সালথা বাইপাস সড়কের প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের প্রত্যাশা—উদ্যোগ নিলে আবারও প্রাণ ফিরে পাবে সালথা বাইপাস সড়ক। নির্মল বাতাস, সবুজের সমারোহ আর স্বস্তির পরিবেশ ফিরে আসুক এই গুরুত্বপূর্ণ সড়কে—এমনটাই চান সবাই।