গণকন্ঠ প্রতিবেদক

তারাকান্দা প্রতিনিধি, দৈনিক গণকন্ঠ।

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৬ এএম

অনলাইন সংস্করণ

#

ময়মনসিংহের তারাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

ছবি; তারাকান্দায় অগ্নিকাণ্ড

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার উত্তর বাজার এলাকায় একটি কয়েল লাকড়ি মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দা উত্তর বাজারে অবস্থিত শহীদুল হক মন্ডল ও আজিজুল হক মন্ডলের মালিকানাধীন কয়েল লাকড়ি মিলটিতে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মিল এলাকায় ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


ঘটনাস্থলটি ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়ক-এর পাশে হওয়ায় আগুন লাগার সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ধোঁয়া ও জনসমাগমের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।


আগুন লাগার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পাশের খাদ্যের দোকানদার সুমন মিয়ার গোডাউনসহ আশপাশের অন্তত ১০টি দোকান থেকে মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেন। এতে বড় ধরনের অতিরিক্ত ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।


খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগ পর্যন্ত স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহায়তা করেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. তানভীর আহম্মেদ বলেন, “ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।