মানজুরুল ইসলাম শিহাব, নাঙ্গলকোট প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা এলাকায় ইজারার নামে টোকেন ব্যবস্থার মাধ্যমে সকল প্রকার যানবাহন থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, পৌর এলাকায় প্রবেশের বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে চালকদের হাতে টোকেন ধরিয়ে দিয়ে নির্দিষ্ট অংকের টাকা নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী চালকদের দাবি, মোটরসাইকেল, সিএনজি, পিকআপ, ট্রাকসহ প্রায় সব ধরনের যানবাহনকেই এ টোকেন নিতে বাধ্য করা হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগও পাওয়া গেছে।
চালকদের অভিযোগ, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পৌরসভার নির্ধারিত পার্কিং স্থান ইজারা দেওয়া থাকতে পারে, কিন্তু রাস্তায় গাড়ি থামিয়ে টোকেন দিয়ে টাকা আদায় করা সম্পূর্ণ বেআইনি।
তিনি জানান, এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সচেতন মহল বলছে, বিষয়টি দ্রুত তদন্ত করে অবৈধ আদায় বন্ধ না করলে সড়কে নৈরাজ্য ও হয়রানি আরও বাড়তে পারে।
তারা প্রশাসনের কঠোর নজরদারি ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।