গণকন্ঠ প্রতিবেদক

ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

#

নাসিরনগর মৎস্য বাজারে নজর কাড়ল ১৪ কেজির আইড় মাছ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা এলাকায় জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বিশাল আইড় মাছ। 


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদীতে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদীর পাশের একটি ঘেরে জাল ফেলেন জেলেরা। এ সময় তাদের জালে উঠে আসে বড় আকারের আইড় মাছটি। পরে জেলে সুধন দাস মাছটি নাসিরনগর সদরের মৎস্য বাজারে নিয়ে আসেন।


বাজার সূত্রে জানা যায়, আড়ৎদার গোপাল দাস মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ক্রয় করেন। সে হিসাবে ১৪ কেজি ওজনের মাছটির মোট মূল্য দাঁড়ায় ২২ হাজার ৪০০ টাকা।


স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, নাসিরনগর হাওড়বেষ্টিত অঞ্চল হওয়ায় দেশীয় প্রজাতির মাছের জন্য দীর্ঘদিন ধরে পরিচিত। স্থানীয় চাহিদা পূরণ করে এখানকার মাছ জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। হাওড়ের পাশাপাশি মেঘনা নদী থেকেও নিয়মিত মাছ ধরেন জেলেরা।


এদিকে, বড় আকারের আইড় মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারে ক্রেতা ও উৎসুক জনতার মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।