স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল ও তার ছোট ভাই আলকাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে বাড়ির জমির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা তুমুল বাকবিতণ্ডায় রূপ নেয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে আলকাস তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বড় ভাই ইসমাইলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামবাসীরা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। বিষয়টি মীমাংসার জন্য বুধবার বিকেলে গ্রাম্য সালিশ বসার কথা ছিল। কিন্তু তার আগেই সকালে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অভিযুক্ত আলকাস ও তার পরিবারের সদস্যরা বাড়িছাড়া রয়েছেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভাইদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।