ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতীরবর্তী ধরাভাঙ্গা এমপি টিলা এলাকা থেকে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মেঘনা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
নিহত ব্যক্তি হলেন আমীর হোসেন (৪২), তিনি পাশ্ববর্তী রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর জানান, উদ্ধার হওয়া মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আমীর হোসেনের পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামে। তবে ছোটবেলা থেকেই তিনি মামার বাড়ি বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামে বসবাস করতেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।