গণকন্ঠ প্রতিবেদক

সুভাষ বিশ্বাস নীলফামারী

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ১২:২৩ পিএম

অনলাইন সংস্করণ

#

নীলফামারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ শিশুকে আটক করেছে বিজিবি

ছবি সংগৃহীত

নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের শূন্য রেখার কাছ থেকে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ১১টার দিকে তাদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​আটককৃতরা হলো

১.ইরফান (১২) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের ছেলে।

২. সাজ্জাদ (১৩) ঢাকার কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে।

৩. সাব্বির (১০) সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাশতলা এলাকার আবুল কালামের ছেলে।


​ বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া বিওপির (বিজিবি ক্যাম্প) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৭৮২/৪ এস-এর কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই তিন শিশু। তারা শূন্য রেখা থেকে মাত্র ২০ গজ অভ্যন্তরে অবস্থান করে ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি নজরে এলে বিজিবির টহল দল তাদের হেফাজতে নেয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিশুরা বিজিবিকে জানায়, তারা একে অপরের বন্ধু। অভাবের তাড়নায় বা কাজের সন্ধানে তারা বাড়ি থেকে পালিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্তে পৌঁছেছিল।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক শিশুরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তারা ভিন্ন ভিন্ন জেলার বাসিন্দা হলেও নিজেদের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচয় দিয়েছে। তিনি আরও জানান, শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। স্বজনদের খোঁজ পেলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।