মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের মধ্য দিয়ে উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন। নির্বাচিত হওয়ার পর তিনি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী টেকনিক্যাল কলেজ সড়ক থেকে সরকারি কলেজ মাঠ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদাজলে একাকার হয়ে যেত পুরো রাস্তা। এতে করে দেওয়ানের খামার, বাগভান্ডার এবং জয়মনিরহাট ইউনিয়নের ছোট ও বড় খাটামারী গ্রামের শত শত মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয়রা জানান, বহুবার উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও রাস্তাটির সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগে এলে স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানান। নির্বাচিত হলে তিনি বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।
নির্বাচিত হওয়ার পর কোনো সরকারি বরাদ্দ না পেলেও এমপি আনোয়ারুল ইসলাম নিজস্ব অর্থায়নে ইটের খোয়া বিছিয়ে রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলেন। পাশাপাশি সরকারি বরাদ্দ পাওয়া গেলে ভবিষ্যতে আরসিসি ঢালাই করে সড়কটি স্থায়ীভাবে পাকা করার আশ্বাসও দেন তিনি।
এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক আরিফুর রহমান শাহিন ও নিলুফা ইয়াসমিন বলেন, “বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদামাটিতে ভরে যেত। বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ত। এমপি মহোদয় নিজ খরচে সংস্কার করায় আমরা এলাকাবাসী খুবই আনন্দিত।”
এ বিষয়ে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, “এটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এখনো সরকারি কোনো বরাদ্দ পাইনি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেছি। সরকারি বরাদ্দ পেলে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য রাস্তারও সংস্কার করা হবে এবং বরাদ্দের অর্থের পরিমাণ জনসম্মুখে প্রকাশ করা হবে।”
এলাকাবাসী নব নির্বাচিত সংসদ সদস্যের এমন মানবিক ও দ্রুত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।