গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

#

নিষেধাজ্ঞা উপেক্ষা করে হবিগঞ্জে আ.লীগ কার্যালয় খুলে কার্যক্রম শুরুর ঘোষণা

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ-এর হবিগঞ্জ জেলা কার্যালয়ের কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন দলটির নেতাকর্মীরা।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রায় ১০ থেকে ১২ জন নেতাকর্মী জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ায় দীর্ঘ সময় ধরে সেখানে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়নি। পরে সরকার আনুষ্ঠানিকভাবে দলটির কার্যক্রম স্থগিত ঘোষণা করে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর এই প্রথম জেলা কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরু করার ঘোষণা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত নেতারা বলেন, শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির-এর নির্দেশনায় কার্যালয় খুলে কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।


এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন।