এস এম তাজুল হাসান সাদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল হিসেবে পরিচিত সাতক্ষীরা জেলার নলতা শরীফের ঐতিহ্যবাহী আয়োজন এবারও শুরু হয়েছে যথারীতি। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন-এর সার্বিক ব্যবস্থাপনায় ১লা রমজান থেকে শুরু হওয়া এই বৃহৎ ইফতার মাহফিল চলবে ৩০ রমজান পর্যন্ত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ মহতী আয়োজনে অংশগ্রহণ করেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
ইফতার মাঠে আগমনের পর তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে প্রথমে খানবাহাদুর আহছানউল্লাহ (র.)-এর মাজার জিয়ারত করেন।
এরপর বৃহৎ ইফতার প্রাঙ্গণে হাজারো রোজাদার মুসল্লির সঙ্গে ইফতারে অংশ নেন তিনি। ইফতার শেষে উপস্থিত প্রায় সাত হাজার মুসল্লির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি নলতা শরীফের এই ঐতিহ্যবাহী ইফতার মাহফিলের প্রশংসা করেন এবং দেশ-জাতির কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলতা আহছানিয়া মিশনের কর্মকর্তা চৌধুরী আমজাদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউনুস, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি আজিজুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুল ওহাব সিদ্দিকী, নলতা ইউনিয়ন আমির শিক্ষক আকবর হোসেন, আবু রাসেল আসকারী এবং কালিগঞ্জ ও নলতা শরীফ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
ইফতার শেষে নবনির্বাচিত সাংসদ মুহাদ্দিস রবিউল বাশার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।