গণকন্ঠ প্রতিবেদক

নওগাঁ প্রতিনিধি।

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩০ পিএম

অনলাইন সংস্করণ

#

নওগাঁয় বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩

ছবি; গণকন্ঠ

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে এক তরুণীকে কৌশলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। ভুক্তভোগীর খালার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: অরুপ (২০), পিতা লথিরাম সরেন, রঞ্জন হাসদা (১৯), পিতা খুদিরাম হাসদা, প্রশান্ত সরেন (১৯), পিতা ঈশ্বর সরেন, গ্রেফতারকৃত তিনজনেরই বাড়ি উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে।


এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি তারিখে জাবরিপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে বিদায় দেওয়ার জন্য আত্মীয়-স্বজনরা সেখানে উপস্থিত হন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ওই তরুণীকে বিয়েবাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত তিনজন মিলে তরুণীকে স্থানীয় একটি খলিয়ানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী তরুণী নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে বিয়েবাড়িতে ফিরে আসেন এবং স্বজনদের বিস্তারিত জানান। স্বজন ও স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, "মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ইতিমধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।