রবিউল মোল্লা , (ভেদরগঞ্জ) শরীয়তপুর জেলা প্রতিনিধি;
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
শরীয়তপুরের নড়িয়ায় ৯টি মাদক মামলার পরোয়ানাভুক্ত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপন হাওলাদারকে (৫৮) বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে নড়িয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল ‘কিলো-০৩’ নাইট ডিউটি করছিল। এদিন ভোরে এসআই কেএম রিয়াজুল ইসলাম ও এসআই মোঃ আবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পূর্ব নড়িয়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে নিজ বসতবাড়ি থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ রিপন হাওলাদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ৭,০০০ টাকা।
গ্রেফতারকৃত রিপন হাওলাদার মৃত কদম আলী হাওলাদারের পুত্র। পুলিশ জানায়, রিপন একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ৯টি মামলা রয়েছে।
সে ২০১৮ সালে ৩টি, ২০১৭ সালে ১টি, ২০১৬ সালে ২টি এবং ২০১৫ সালে ১টি মাদক মামলায় অভিযুক্ত। সর্বশেষ ২০২৫ সালে ১৮ ফেব্রুয়ারি এবং ৩০ আগস্ট পৃথক দুটি মাদক মামলায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
রোববারের এই অভিযানে রিপন হাওলাদারের পাশাপাশি তার সহযোগী সুমন খান (৩২) (পিতা- কবির খান, গ্রাম- পূর্ব পাঁচগাঁও)-কে অভিযুক্ত করে নড়িয়া থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।
নড়িয়া থানার এফআইআর নং-০১, তারিখ: ০১/০৩/২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮) অনুযায়ী মামলাটি রুজু করা হয়। আজ সকালেই ধৃত আসামীকে প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নড়িয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, ধৃত রিপন হাওলাদার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ৯টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো অপরাধী বা মাদক সিন্ডিকেটকে ছাড় দেওয়া হবে না। নড়িয়াকে মাদকমুক্ত করতে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।"