গণকন্ঠ প্রতিবেদক

গবি প্রতিনিধি:

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ১২:৩৯ এএম

অনলাইন সংস্করণ

#

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা এবং সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।


রবিবার (১ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে মেইন গেটে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটলেও ভুক্তভোগীরা দ্রুত বিচার পান না এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত হয় না। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে এমন ঘটনার খবর এলেও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় ভুক্তভোগী ও তাঁদের পরিবার ভোগান্তির শিকার হচ্ছে। এতে দেশের আইনব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে এবং পরিবারগুলো মেয়েদের নিরাপত্তা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে। তিনি বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।


এ সময় বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ২০১৬ সালে তনু হত্যাকাণ্ড বিচারের দাবিতে আন্দোলনের স্মৃতি তুলে ধরে ফার্মেসি বিভাগের শিক্ষক তানিয়া আহমেদ তন্বী বলেন, ১০ বছর আগেও নিপিড়নের বিরুদ্ধে আআন্দোলনে নামতে হয়েছিলো, একই কারণে আজও মানুষকে রাস্তায় নামতে হচ্ছে, যা রাষ্ট্রের ব্যর্থতা। তিনি অভিযোগ করেন, নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় এসব ঘটনা থামছে না।


বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে জনগণের সামনে উদাহরণ তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায় এবং বারবার প্রতিবাদের প্রয়োজন না হয়।


উল্লেখ্য, নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি সর্ষেখেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।