স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

#

ঐতিহাসিক জয়ে হোয়াইট হাউসে মায়ামি

ছবি সংগৃহীত

মার্কিন ফুটবলে ইতিহাস গড়ে এবার বিশেষ সম্মান পেতে যাচ্ছে ইন্টার মায়ামি। গত বছরের ডিসেম্বরে ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপস–কে পরাজিত করে প্রথমবারের মতো এমএলএস শিরোপা জেতে ক্লাবটি। সেই কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস–এ সংবর্ধনার আমন্ত্রণ পেয়েছে দলটি। আগামী ৫ মার্চ ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে এই আনুষ্ঠানিকতা।

যুক্তরাষ্ট্রে চ্যাম্পিয়ন ক্রীড়া দলগুলোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর প্রথা দীর্ঘদিনের। এর আগে ২০২৩ মৌসুমে এমএলএস কাপ জয়ের পর কলম্বাস ক্রু একই মর্যাদা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় ইন্টার মায়ামি।


তবে সংবর্ধনা অনুষ্ঠানে দলের অধিনায়ক লিওনেল মেসি উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ক্লাব বা তার প্রতিনিধি কেউই বিষয়টি নিশ্চিত করেননি। যদিও যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গণমাধ্যম সূত্র জানিয়েছে, পুরো স্কোয়াডই সফরে অংশ নিতে পারে।


সংবর্ধনার দুদিন পরই ওয়াশিংটন ডিসিতে ডিসি ইউনাইটেড–এর বিপক্ষে ম্যাচ রয়েছে মায়ামির। ফলে মেসির উপস্থিতির সম্ভাবনা বেশ জোরালো বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। যদি তিনি অংশ নেন, তবে এটি হবে তার প্রথম হোয়াইট হাউস সফর।


উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেসিকে ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান উপলক্ষে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ব্যস্ত সূচির কারণে সে সময় উপস্থিত থাকতে পারেননি আর্জেন্টাইন তারকা।


২০২০ সালে এমএলএসে যাত্রা শুরু করা ইন্টার মায়ামির জন্য এটি প্রথম লিগ শিরোপা। ২০২৩ সালে মেসির যোগদানের পর থেকেই ক্লাবটির পারফরম্যান্সে দৃশ্যমান পরিবর্তন আসে। সেই ধারাবাহিকতায় অবশেষে শিরোপা জয় এবং এখন হোয়াইট হাউসে সংবর্ধনা—সব মিলিয়ে ক্লাবটির জন্য সময়টা নিঃসন্দেহে স্মরণীয়।


চলমান রাজনৈতিক প্রেক্ষাপটেও এই সফরটি আলাদা গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি একটি ক্রীড়া দলকে ঘিরে বিতর্কের রেশ না কাটতেই মায়ামির এই সফর নতুন আলোচনার জন্ম দিয়েছে।