আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৯ পিএম

অনলাইন সংস্করণ

#

পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের আকাশপথ বন্ধ

ছবি সংগৃহীত

ইরানের ওপর হামলার পর সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কায় নিজেদের আকাশসীমায় বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। শনিবার সকালে এমন সিদ্ধান্তের কথা জানায় দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে যাত্রী ও সাধারণ নাগরিকদের অপ্রয়োজনে বিমানবন্দরে না আসার আহ্বান জানানো হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশজুড়ে সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজানো হচ্ছে এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি সম্পর্কে জনগণকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নাগরিকদের মোবাইলে জাতীয় সতর্কবার্তা পাঠিয়ে সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে।


আইডিএফের বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে—এমন আশঙ্কা থেকেই আগাম সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়।


এর আগে শনিবার ভোরে ইরান-এর রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় বিমান হামলার খবর পাওয়া যায়। হামলার বিষয়ে নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, ইরানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত সামরিক অভিযান শুরু হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রের নিরাপত্তা হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


এদিকে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ দাবি করেছে, অভিযানে যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।


অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর ওই এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


পরিস্থিতির দ্রুত অবনতি ঠেকাতে ইসরায়েলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ানো হয়েছে বলেও জানা গেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।