গণকন্ঠ প্রতিবেদক

নারায়ন চন্দ্র রায়, খানসামা দিনাজপুর

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০৭:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

#

পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে খানসামায় ভ্রাম্যমাণ অভিযান

দিনাজপুরের খানসামা উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল খাদ্য বিক্রয় রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (বিকেলে) উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।


 কাচিনীয়া বাজারে অভিযানের অংশ হিসেবে কাচিনীয়া বাজারে বিভিন্ন মুদি দোকান, মাংসের দোকান ও ভোগ্যপণ্যের আড়ত পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, বেশ কয়েকটি দোকানে নির্ধারিত মূল্য তালিকা টানানো নেই এবং কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে।


এ সকল অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালায় তাৎক্ষণিকভাবে একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় এবং দ্রুত সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।


 প্রশাসনের কড়া বার্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।


সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস জানান, ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে। অনিয়ম পাওয়া গেলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


 সচেতন মহলের প্রতিক্রিয়া স্থানীয় ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত হবে।


পবিত্র রমজান মাসে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।