প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
পঞ্চগড় চিনিকল–এর খামারের আখ ক্ষেতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেবীগঞ্জ ব্রেকিং নিউজ ফেসবুক পেজ সুত্রে জানা গেছে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় দুই একর জমির আখ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই খামারের একটি অংশে আগুন জ্বলে উঠতে দেখা যায়। শুরুতে আগুন ছোট পরিসরে থাকলেও বাতাসের কারণে দ্রুত আশপাশের আখ ক্ষেতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়। স্থানীয় শ্রমিক ও কর্মচারীরা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব শুরু করে চিনিকল কর্তৃপক্ষ।
চিনিকল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় ২ একর জমির আখ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে উল্লেখযোগ্য পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক ক্ষতির পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।
এদিকে, আগুন লাগার সময় ঘটনাস্থলের পাশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন খামারের নিরাপত্তা কর্মীরা। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও নাশকতার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।