প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে দুমকি উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হৃদযন্ত্রের জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল। কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বরিশালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া জানান, শফিকুল ইসলাম খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে পুনরায় তাকে কারাগারে আনা হয়। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল। শুক্রবার হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, তার হার্টে ব্লক ছিল এবং নিয়মিত চিকিৎসা চলছিল। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান।
বর্তমানে তার মরদেহ বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।