গণকন্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; সংগৃহীত
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহার শাহাদাত বার্ষিকী স্মরণে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহা দিবস এবং শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ৯টায় শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এর শহীদ ড. শামসুজ্জোহার স্মরণে সকলে এক মিনিট নীরবতা পালন করেন।
পরে বিভিন্ন বিভাগ, আবাসিক হল, পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন একে একে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাবি উপাচার্য বলেন, ‘শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়েই এই দিবসটি পালন করা হয়।’
সরকার আগামীতে দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে দিবসটি পালন করতে উদ্যোগ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাইন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান, প্রক্টর ড. মাহবুবুর রহমান, রাবি শিক্ষক ও কর্মকর্তারা।
১৮ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং তৎকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহা পাকিস্তানি দখলদার বাহিনীর গুলিতে শহীদ হন। তাঁর স্মরণে, বিশ্ববিদ্যালয় প্রতি বছর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে।