মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
রাজবাড়ী জেলার সদর উপজেলার চন্দনী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক যুবকের নাম মুন্না (২২)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চন্দনী এলাকায় অবস্থান নেয়। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী একটি লোকাল পরিবহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে মুন্নাকে আটক করা হয়।
পরে তার পরিহিত জ্যাকেট তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজেকে পরিবহনকারী বলে দাবি করেছেন। টাকার বিনিময়ে অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে তিনি স্বীকার করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।