মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
রাজবাড়ী জেলা মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, মাদক সমস্যার বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রবিবার (১ মার্চ) দুপুরে রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জেলার বিভিন্ন এলাকায় মাদকসংক্রান্ত অভিযোগ পাওয়া যাচ্ছে। মাদক নির্মূলে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের সদস্য এবং সমাজের সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, “রাজবাড়ী শহরে মাদক নেই—এ কথা কি বলা যায়? জেলায় মাদক নেই—এ দাবি কতটা বাস্তবসম্মত?” সম্প্রতি মাদককে কেন্দ্র করে সহিংস ঘটনার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকারের পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে রাজবাড়ীকে একটি আলোকিত ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করা হবে। পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুসহ ঘোষিত উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এককভাবে মাদক নির্মূল সম্ভব নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতাকর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা।