মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
রাজবাড়ীর পাংশা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় পাকা রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। আহতদের প্রথমে স্থানীয়ভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন—কলিমহর ইউনিয়নের মাশালিয়া এলাকার আকবর আলী শেখের ছেলে আব্দুস সালাম শেখ (৫০), আলাউদ্দিন শেখ (৪২) এবং লাহিড়ী রঘুনাথপুর এলাকার আহাম্মদ আলী সরদারের ছেলে আক্কাস সরদার (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন তারাবী নামাজ শেষে আব্দুস সালাম শেখ মসজিদ থেকে বের হয়ে রাস্তার ওপর এলে একদল ব্যক্তি অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করা হয়।
এ সময় তার চিৎকারে আলাউদ্দিন শেখ ও আক্কাস সরদার এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে আহত করে বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতদের প্রথমে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আব্দুস সালাম শেখ ও আলাউদ্দিন শেখের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আব্দুস সালাম শেখ ও আলাউদ্দিন শেখ ঢাকায় এবং আক্কাস সরদার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আব্দুস সালাম শেখের ছেলে রাজু আহমেদ অভিযোগ করে বলেন, পূর্ব রাজনৈতিক বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে অভিযুক্তদের সঙ্গে সরাসরি ও মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা নং-০২, তারিখ ০১-০৩-২০২৬ দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।