মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর রাজবাড়ী জেলা শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দেয়ালে একটি ব্যানার টাঙানো রয়েছে এবং ভবনের পাশে জাতীয় পতাকা উড়ছে। কার্যালয় চত্বরে কয়েকজন স্থানীয় ব্যক্তিকেও অবস্থান করতে দেখা যায়।
টাঙানো ব্যানারে উল্লেখ করা হয়েছে, “৫ আগস্ট ২০২৪ সালের পর রাজবাড়ীতে প্রথম ‘জয় বাংলা’ স্লোগান দেয় জেলা যুবলীগ। আজ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে পার্টি অফিস উদ্বোধন করা হলো।
দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ করে এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, সকাল ১০টার দিকে অজ্ঞাতপরিচয় দুই যুবক কার্যালয়ে প্রবেশ করেন। তারা জাতীয় পতাকা উত্তোলন ও একটি ব্যানার টাঙিয়ে কিছু সময় অবস্থান করার পর সেখান থেকে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।