গণকন্ঠ প্রতিবেদক

মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি:

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

#

রাজবাড়ীতে জাহিদ ফকির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিখন গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিখন (২৫)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।


২৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি শিখন কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

র‍্যাব সূত্রে জানা যায়, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। তিনি রাজবাড়ীর জাহিদ ফকির (২৭) হত্যা মামলার এজাহারনামীয় আসামি।


মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় রাজবাড়ী সদর থানা-এ একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-১৯, তারিখ-১৮/০২/২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। মামলার তদন্তের অংশ হিসেবে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রাখে।


র‍্যাব আরও জানায়, এ মামলার প্রধান আসামি রাতুলকে আগেই গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত শিখনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।