মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর পাংশা উপজেলায় পথচারীকে রক্ষা করতে গিয়ে পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পথচারীসহ চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— পাংশা পৌর এলাকার মৈশালা বড়গাছি গ্রামের মৃত আকবর মণ্ডলের ছেলে পথচারী নুরুল মণ্ডল (৭৬), ট্রাকচালক মেহেরপুর জেলার গাংনী উপজেলার পুরাতন মকপুরা গ্রামের বাসিন্দা কাওসার হোসেনের ছেলে শাকিল হোসেন (৩৫), তার ছোট ভাই ও হেলপার আমিন হোসেন (৩০) এবং ঢাকাগামী যাত্রী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আমিরুল ইসলামের ছেলে সেলিম রেজা (৫৫)।
প্রত্যক্ষদর্শী ও চালক সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ফেনীগামী ঢাকা মেট্রো-ড ১৪-৫৮৮২ নম্বরের পেঁয়াজবোঝাই ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সড়কের ওপর উঠে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সময় চালক, হেলপার ও এক যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। একই সঙ্গে পথচারী নুরুল মণ্ডল ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় চালককে উদ্ধার করেন। পরে আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত নুরুল মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনার বিষয়টি জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।