গণকন্ঠ প্রতিবেদক

মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি।

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২৬ এএম

অনলাইন সংস্করণ

#

রাজবাড়ীতে পুলিশকে মারধরের ঘটনায় মামলা, আসামি পলাতক

ছবি; গণকন্ঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজবাড়ীর পাংশা উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিসহ কয়েকজন বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনের দিন জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন পাংশা মডেল থানার কনস্টেবল আলী আহমেদ। অভিযোগ অনুযায়ী, বেলা আনুমানিক আড়াইটার দিকে মো. আব্দুল মালেক নামের এক ব্যক্তি তার দায়িত্ব পালনে বাধা দেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন।


ঘটনার খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেন। তবে তার আগেই অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে পড়েন। পরে আহত পুলিশ সদস্য আলী আহমেদ ওই রাতেই বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।


পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মো. আব্দুল মালেককে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তিনি বলেন, “দায়িত্ব পালনরত পুলিশ সদস্যকে বেআইনিভাবে বাধা দেওয়া ও মারধর করা গুরুতর অপরাধ। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


অভিযুক্ত মো. আব্দুল মালেক উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বকসিপুর গ্রামের বাসিন্দা এবং মো. লিয়াত আলী মণ্ডলের ছেলে বলে জানা গেছে। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর থেকেই তারা বাড়িতে অনুপস্থিত রয়েছেন।


এদিকে, মারধরের শিকার পুলিশ সদস্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।