মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি।
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফজলুর রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাজবাড়ী পৌরসভার ভাবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাজা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলুর রহমানের পিতা খালেক প্রমাণিক মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন। বাবার জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদন বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আবেদন পাওয়ার পর মানবিক দিক বিবেচনায় এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার সুপার মো. এনামুল কবির জানান, নির্ধারিত সময় শেষে দুপুর তিনটার দিকে পুলিশ পাহারায় ফজলুর রহমানকে পুনরায় কারাগারে আনা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জানুয়ারি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফজলুর রহমান গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০২১ সালের ১৬ মার্চ আদালত তাকে ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।