মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জতকোল এলাকায় রাতের আঁধারে এক কৃষকের দানা পেঁয়াজের ফুল (কদম) কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ শতাংশ জমির পেঁয়াজবীজ উৎপাদন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ভুক্তভোগী কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন শেখ, তিনি সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে যে কোনো এক সময় দুর্বৃত্তরা জমিতে প্রবেশ করে দানা পেঁয়াজের গাছের মাথা থেকে কদম (ফুল) কেটে ফেলে।
আলাউদ্দিন শেখ বলেন, “গত সাত বছর ধরে স্থানীয় ফিরোজ খানের প্রায় সাড়ে পাঁচ একর জমি বছরভিত্তিক বন্দোবস্ত নিয়ে দানা পেঁয়াজ চাষ করছি। প্রতি ২৫ শতাংশ জমির জন্য বছরে ২৫ হাজার টাকা করে জমির মালিককে দিতে হয়। চলতি মৌসুমে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে আমেরিকার ‘বেদেনা’ নামের উন্নত জাতের পেঁয়াজবীজ আবাদ করেছি। ফলনও বেশ ভালো হয়েছিল। কিন্তু হস্ত পরাগায়নের জন্য শ্রমিক নিয়ে সকালে জমিতে গিয়ে দেখি অধিকাংশ গাছের কদম কেটে ফেলা হয়েছে।”
তিনি আরও বলেন, প্রায় ৫০ শতাংশ জমির দানা পেঁয়াজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে আমার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দানা পেঁয়াজের ফুল কেটে দিলে বীজ উৎপাদন বন্ধ হয়ে যায়, ফলে পুরো মৌসুমের শ্রম ও বিনিয়োগ ঝুঁকির মুখে পড়ে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কৃষকের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের নাশকতা আর না ঘটে।