মনজু শেখ,রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১২:০২ এএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গভীর রাতে এক কৃষকের রসুন ও পেঁয়াজ ক্ষেত থেকে তুলে পাশের পুকুরে ফেলে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. আসমত মন্ডল (৫৫) উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত পিন্টু আলী মন্ডলের ছেলে। তিনি চলতি মৌসুমে দুর্গাপুর মাঠে ৮ শতাংশ জমিতে রসুন এবং ৪০ শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মাঠে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখে সাংবাদিকদের তিনি বলেন, রাতে কে বা কারা তার ক্ষেত থেকে রসুন ও পেঁয়াজ তুলে পাশের পুকুরে ফেলে দিয়েছে। সকালে খবর পেয়ে সেখানে গিয়ে তিনি দেখেন অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।
স্থানীয় কৃষক বাবু শিং বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও কৃষক ক্ষতির শিকার হতে পারেন।
আরেক কৃষক আহম্মেদ আলী মন্ডল জানান, চাষাবাদে প্রচুর শ্রম ও অর্থ বিনিয়োগ করতে হয়। এভাবে ফসল নষ্ট হলে কৃষকদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। তিনি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি প্রণোদনার আওতায় আনার বিষয়টিও বিবেচনা করা হবে।
ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।