গণকন্ঠ প্রতিবেদক

মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ১২:৪৭ এএম

অনলাইন সংস্করণ

#

রাজবাড়ীতে ‘স্বপ্নডানা’ প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী খৈয়ম

ছবি সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশ নিশ্চিত করতে রাজবাড়ীতে ‘স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিনোদপুর এতিমখানা সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়টির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।

উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন প্রতিমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ১৮ শতাংশ খাল জায়গা ভরাট করে জেলা প্রশাসন ও জেলা পরিষদের অর্থায়নে বারান্দাসহ তিন কক্ষবিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে শ্রেণিকক্ষ বৃদ্ধি, থেরাপি সেবা চালু এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ভ্যানের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।


উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে জেলা প্রশাসন একটি মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে। রুটিন দায়িত্ব পালনের বাইরেও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঠিক পরিচর্যা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।


তিনি আরও বলেন, পূর্বে বিদ্যালয়টি রেলওয়ে মাঠ এলাকায় অস্থায়ীভাবে পরিচালিত হলেও নতুন ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা একটি স্থায়ী ঠিকানা পেল। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।


অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।