মনজু শেখ,রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিল্লাল হোসেন (৪০) রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা এবং কালুখালী উপজেলার মাজবাড়ী গ্রামের তানেজ উদ্দিনের ছেলে। তিনি ছুটিতে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে রাজবাড়ী থেকে কালুখালীর দিকে যাচ্ছিলেন জিল্লাল হোসেন। পথে বাগমারা এলাকায় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ১০ চাকার ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকচালক আনিছ (৩৫)-কে আটক করে মারধর করে। পরে খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে হেফাজতে নিয়েছে।
পাংশা হাইওয়ে থানার ওসি মাকছুদর রহমান মুরাদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।