গণকন্ঠ প্রতিবেদক

সংবাদদাতা: মনজু শেখ রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০৭:২৮ পিএম

অনলাইন সংস্করণ

#

রাজবাড়ীতে তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ছবি সংগৃহীত

রাজবাড়ীর রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২২ বছর বয়সী এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পাংশা থানাধীন সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের একটি সরকারি আশ্রয়ণ কেন্দ্রের কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।


ভুক্তভোগী তরুণী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুর মহানগর এলাকায় বসবাস করছেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় সাত মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে গত ১৪ ফেব্রুয়ারি তাদের সম্পর্কের অবসান ঘটে।


এরপর ওই যুবকের এক বন্ধু তাকে ফোন করে পাংশায় এলে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয় বলে অভিযোগে বলা হয়েছে। সেই আশ্বাসে তিনি গাজীপুর থেকে পাংশায় যান। সেখানে তাকে বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ওই কক্ষে দুই যুবক পর্যায়ক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে নেয়।


এ ঘটনায় পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা (নম্বর-০১, তারিখ-০১/০৩/২০২৬) দায়ের করা হয়েছে।


পাংশা মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।