গণকন্ঠ প্রতিবেদক

নারায়ণ চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি।

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩২ পিএম

অনলাইন সংস্করণ

#

রামকলা শ্রীরামকৃষ্ণ ধর্মসভায় ১৯১তম আবির্ভাব তিথি উদযাপন

ছবি; গণকন্ঠ

শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস–এর ১৯১তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার রামকলা এলাকায় অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রম, রামকলা-এ এক ধর্মসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।


আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস মানবধর্ম, সহনশীলতা ও সর্বধর্ম সমন্বয়ের যে বাণী প্রচার করেছেন, তা আজও বিশ্বমানবতার জন্য প্রাসঙ্গিক। তাঁর শিষ্য স্বামী বিবেকানন্দ সেই আদর্শকে বিশ্বমঞ্চে তুলে ধরেন এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।


বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে রামকৃষ্ণ–বিবেকানন্দের আদর্শ অনুসরণ অত্যন্ত জরুরি।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ধর্ম মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা সৃষ্টি করে। তিনি সকল ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন সমাজে ইতিবাচক চেতনা ছড়িয়ে দেয় বলেও তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক রবিউল আলম তুহিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় সুধীজন, ভক্তবৃন্দ ও আশ্রমের সেবক-সেবিকারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানের শুরুতে পূজা, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় পাঠ অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান এলাকায় ব্যাপক সাড়া ফেলে।