গণকন্ঠ প্রতিবেদক

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১২:০০ এএম

অনলাইন সংস্করণ

#

রায়পুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের জরিমানা

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে প্রধান সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রমজান মাস উপলক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রায়পুর বাজারের বিভিন্ন গলিতে এ অভিযান পরিচালনা করেন । দীর্ঘদিন ধরে কিছু দোকানদার দোকানের বাইরে ফুটপাত দখল করে সেখানে তাদের পণ্যসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছিল। এতে করে সাধারণ পথচারীদের চলাচল করতে চরম দুর্ভোগ ও কষ্ট পোহাতে হয়েছে ।


অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এ সময় উক্ত কাজে রায়পুর থানার পুলিশ ও রায়পুর পৌরসভার সদস্যরা সহযোগিতা করেন।


এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, পবিত্র রমজানে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদ এর সভাপতি ইব্রাহীম খান বলেন, নিয়মিত তদারকি থাকলে রায়পুরে ফুটপাত দখলের প্রবণতা কমবে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।জনস্বার্থে এ অভিযান প্রশংসার দাবিদার।