আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর প্রতিনিধি।
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
লক্ষ্মীপুরের রায়পুর শহরের প্রধান সড়কে জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করায় ২০ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১ মার্চ) বিকেলে শহরের প্রধান সড়কসহ কয়েকটি সড়কের ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও রায়পুর থানা পুলিশ ।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওসার ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নিগার সুলতানা। এসময় পৌরসভা -ভুমি ও পুলিশ প্রশাসনে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ও ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানপাট, ভাসমান স্টল ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে রায়পুর-হায়দরগন্জ সড়কের ট্রাফিক মোড়ে যানজটও বেড়ে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একটি দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রাস্তার দু’পাশের ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকান, কাঠামো ও প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দখলকারীদের ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
পথচারীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। অভিযান পরিচালনার ফলে ফুটপাত দখলমুক্ত হওয়ায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পর্যায়ক্রমে রায়পুর শহরের মধ্যবাজার, মুড়িহাটা, থানার সামনে থেকে আলিয়া মাদরাসা পর্যন্ত এবং ট্রাফিক মোড় থেকে নতুন বাজারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতেও দখলমুক্ত অভিযান পরিচালনা করা হবে।