আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর প্রতিনিধি।
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌথ অভিযানে খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর দায়ে ‘বিসমিল্লাহ হোটেল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ (শুক্রবার) বিকেলে উপজেলা প্রশাসন রায়পুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লক্ষ্মীপুরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার ।
অভিযান সূত্রে জানা গেছে, হোটেলটির খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর ‘হাইড্রোজ’ নামক কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি ও খাদ্যপণ্যের মান যাচাই অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, খাবারে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক মেশানো সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সচেতন মহল নিরাপদ ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানান।