গণকন্ঠ প্রতিবেদক

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর (লক্ষীপুর)প্রতিনিধি :

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৪:০৮ পিএম

অনলাইন সংস্করণ

#

রায়পুরে প্রসূতি মায়ের মৃত্যু: পরিবার পরিকল্পনা পরিদর্শিকার গাফিলতির অভিযোগ

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে স্বাস্থ্য পরিদর্শিকার হাতে এক প্রসূতি মায়ের করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে । মৃত প্রসূতির নাম সবজান (২৫)। তিনি চরবংশী খাসেরহাট-চমকাবাজার এলাকার মোল্লাবাড়ির দিনমজুর সুমন মাঝির স্ত্রী। এঘটনায় নিহতের মা ও স্বজনের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (১ মার্চ) দুপুর ১২টায় উপজেলার উত্তর চরবংশি ইউপির খাসেরহাট বাজারের পাশে চরবংশি পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী সবজানকে প্রসব করান পরিদর্শিকা নাঈমা তাহসিন ইভা। 


নিহতের স্বজনরা জানান, সকাল ১১টায় প্রসব বেদনা বেড়ে যাওয়ায় চরবংশী পরিবার কল্যাণ কেন্দ্রে নেওয়া হয়। সেখানে বাচ্চা প্রসব হলে রক্তক্ষরণ হতে থাকে এবং সেখানে তিনঘন্টা অবস্থান করে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্থানান্তর করা হয়।


নিহতের মা ও ভাবি বলেন, আমরা ঘটনার সময় চাঁদপুর ছিলাম। পরিদর্শিকা কোন (ওষুধ ও রক্ত) এর প্রস্তুতি না নিয়েই ডেলিভারি কাজ শুরু করেন। যার ফলে তার মৃত্যু হয়,আমরা এই হত্যার বিচার চাই। 


এদিকে পরিদর্শিকা নাঈমা তাহসিন ইভা বলেন, আমার ভুল হয়েছে, বাচ্চা প্রসব হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরন বন্ধে হাসপাতালে পাঠানো দরকার ছিলো ঐ নারীকে। আমার কাছে রেফার করা কোন কাগজপত্রও নাই। আমি আর কখনও গর্ভবতী নারীদের প্রসব এর কাজ করবো না।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


এদিকে, স্বজনদের অভিযোগ প্রাথমিক পর্যায়ে যথাযথ চিকিৎসা ও দ্রুত সরকারি হাসপাতালে না পাঠানোর কারণে তার অবস্থার অবনতি ঘটে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


নবজাতক শিশুটি বর্তমানে তার আপন মামির দুধ পান করছে এবং সুস্থ রয়েছে। নিহত ওই নারীকে বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এ বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল হাসান বাবলু বলেন, বিষয়টি বিকালে শুনেছি। আমি বর্তমানে প্রশিক্ষনে রয়েছি। চট্রগ্রাম থেকে রায়পুরে যাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিব।